নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরের শার্শা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার রাতে ভুক্তভোগী নারীর শ্বশুর আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শেখ আশরাফুল আলম জানান, আল আমিনকে (৩২) তার নিজ বাসা থেকে আটক করা হয়। সে উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার ছেলে বিদেশে থাকেন, পুত্রবধূ তার দুই সন্তান নিয়ে শার্শা উপজেলার খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে বসবাস করেন। আসামি আল আমিন তার ছেলের বন্ধু। তাদের মধ্যে দেবর-ভাবি সম্পর্ক। প্রায় তার বাড়িতে যাতায়াত করতেন আল আমিন। তার পুত্রবধূর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন আল আমিন। ওই টাকা ফেরত দিতে গত ১৯ মার্চ রাত ১০টার দিকে বাড়িতে আসে আল আমিন। কথাবার্তার এক পর্যায় পুত্রবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করে সে।
এসময় পুত্রবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় আল আমিন। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আল আমিনকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা গোড়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আশরাফুল আলম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে ভুক্তভোগি নারীকেও আদালতে আনা হয়। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।
