আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। সোমবার (২৪ মার্চ) ভোররাতে উপত্যাকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারান ফিলিস্তিনিরা।
গাজার চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানেয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে খান ইউনিসে একটি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ছয়জন, দক্ষিণাঞ্চলীয় শহরের মাইন এলাকায় একটি বাড়িতে সৈন্যদের হামলায় নিহত চারজন, এবং মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুই নারী নিহত হন।
আল জাজিরা আরবির সংবাদদাতারা জানিয়েছেন, ভোররাতে গাজার খান ইউনিসের কিজান রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ৫০ হাজার ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন এক লাখ ১৩ হাজার ২৭৪ জন। তবে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ আছেন হাজার হাজার ফিলিস্তিনি। তাদরেকে মৃত ধরে গাজার সরকারি মিডিয়া জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
