নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জাকির হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার শ্রীনগর দক্ষিণপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিন মিয়ার ছেলে। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনফিডেন্স কিন্ডারগার্টেন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তাঁর মেয়েকে শ্রীনগর গ্রামে জাকির হোসেনের কনফিডেন্স কিন্ডারগার্টেনে ভর্তি করান। নিয়মিত স্কুলে আসা-যাওয়ার এক পর্যায়ে ওই নারীর সঙ্গে জাকির হোসেনের সম্পর্ক গভীর হয়। এ সুবাদে গত ১৫ জানুয়ারি স্কুলের নির্মাণ কাজের কথা বলে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন জাকির। তিন মাসে ধার করা অর্থ পরিশোধের কথা থাকলেও টাকা ফেরত দিতে টালবাহানা করতে থাকেন জাকির। এক পর্যায়ে গত ২৫ ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা বলে জাকির ওই নারীকে ডেকে নিয়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ করেন।

ছবি: অভিযুক্ত আওয়ামী লীগ নেতা
ওই দিন রাতে জাকিরের সহযোগী হোসেন মিয়াও জাকিরের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে জাকির হোসেন ও হোসেন মিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষপান করেন প্রবাসীর স্ত্রী। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত শনিবার থানায় অভিযোগ দেন ভুক্তভোগী।
স্থানীয়দের ভাষ্য, ৫ সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে জাকিরের অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। কৌশলে ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছে জাকির। পরে বিষয়টি জানাজানি হলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ওই নারী বাদী হয়ে শনিবার জাকিরসহ দু’জনের নামে থানায় মামলা করেন। ওই দিন রাতে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
