ঢাকা অফিস
রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩০ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
আজ সকালে খায়রুল হককে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এদিন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে সাবেক প্রধান বিচারপতির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
রাজধানীর শাহবাগ থানার সরকারি কর্মচারী কর্তৃক দুর্নীতিমূলক উপায়ে আদেশ, রিপোর্ট, রায় বা সিদ্ধান্ত প্রণয়ন বা ঘোষণা করা ও আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার ইত্যাদি জালকরণের অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় এবিএম খায়রুল হকের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
