আন্তর্জাতিক ডেস্ক
গাজার পরিস্থিতি না পাল্টালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার।
তিনি বলেছেন, গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিমতীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠকে শেষে এমন ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা।
যুক্তরাজ্য জানিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার পর্যবেক্ষণে বসবেন তারা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসরায়েল ও হামাসের মধ্যে কোনও নৈতিক তুলনা হয় না উল্লেখ করে স্টারমার আরও বলেন, আমাদের দাবি অপরিবর্তিত রয়েছে। হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, অস্ত্র পরিত্যাগ করতে হবে এবং গাজার শাসনে নিজেদের সম্পৃক্ত না করার প্রতিশ্রুতি দিতে হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছেন না। তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান। এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনায় কোনো দায়িত্বে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
যুুক্তরাজ্যের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা বলেন কিয়ার স্টার্মার।
খবরে বলা হয়েছে, এই ঘোষণার পেছনে স্টারমারের নিজ দল লেবার পার্টির চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লেবার পার্টির অনেক নেতাই চলমান গাজা সংকটে যুক্তরাজ্যের অবস্থান আরও স্পষ্ট করার আহ্বান জানিয়ে আসছিলেন।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৬০ হাজার মানুষের মৃত্যু এবং দুর্ভিক্ষ পরিস্থিতি ক্রমেই আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এ অবস্থায় ইউরোপের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে।
সূত্র: বিবিসি
