ঢাকা অফিস
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক এক্সচেঞ্জ রেট চালুর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এখন থেকে মার্কিন ডলারের মূল্য নির্ধারণ হবে বাজারের চাহিদা ও যোগানের ওপর ভিত্তি করে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, ‘বাজারভিত্তিক করা হয়েছে ডলারের বিনিময় হার। এতে বাজারে ডলারের সংকট থাকবে না। যদি কোনো বড় ধরনের আন্তর্জাতিক পেমেন্টের প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে সহযোগিতা করা হবে।’
তিনি আরও বলেন, আমরা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে ডলার বাজারকে পুরোপুরি বাজারের হাতে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত।
গভর্নর বলেন, কিছু অসাধু প্রতিষ্ঠান বাজারকে অস্থির করার চেষ্টা করতে পারে, তবে বাংলাদেশ ব্যাংক তা প্রতিহত করার পূর্ণ সক্ষমতা রাখে। চিন্তার কিছু নেই, আমরা সময়ের অপেক্ষায় ছিলাম, এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত।
এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা এবং চীন আমাদের পাশে আছে বলেও জানান ড. মনসুর। আইএমএফ-এর ১.৩ বিলিয়ন ঋণ ছাড় হলে জুন মাসের মধ্যেই সব ঋণই চলে আসবে। বাংলাদেশের এক্সচেঞ্জ রেট বাংলাদেশের মাটিতেই নির্ধারণ হবে। অযৌক্তিক দামে ডলার কেনার প্রয়োজন নেই, কারণ বাজারে যথেষ্ট ডলার রয়েছে।
