নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে ফেসবুক থেকে পোস্ট দেওয়ার পর তাকে সরিয়ে নেওয়া হয়।
এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টটিতে লিখা ছিল- ‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা।’
তিনি আর লেখন, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬-শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল।
এসিল্যান্ড লেখেন, আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে। অর্থনীতি হবে স্বনির্ভর, এবং সর্বোপরি গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত। অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এদেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…।
পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি। যদিও এসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। আইডিটি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান।
এদিকে পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করে এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, ‘এসিল্যান্ড দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। এই আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ইতোমধ্যে বিষয়টি আমি অবগত হয়েছি। এসিল্যান্ডকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে। তিনি জানিয়েছেন, তার ফেসবুক হ্যাক হয়েছিল। তবে আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর এই ঘটনায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
