নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
মেহেরপুরে বিয়ের আগের রাতে সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে জেলার গাংনীর চৌগাছায় স্যালোইঞ্জিন চালিত যান আলগামন এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত সাগর হোসেন (২৫) গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। ছেলের মৃত্যু সংবাদে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা তোজাম্মেল।
পুলিশ জানায়, গত ৫ দিন আগে সৌদি আরব থেকে দেশ আসেন সাগর। আগামীকাল বিয়ে হওয়ায় গাংনী উপজেলা শহর থেকে বিয়ের বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে গাংনী কাথুলি সড়কের চৌগাছা পশ্চিমপাড় প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
