নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।
সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।
এ ছাড়া এই মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জন। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।
এ মামলায় আসামির তালিকায় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ শ্রমিকলীগ, বাংলাদেশ তাঁতীলীগ, বাংলাদেশ কৃষকলীগ, বাংলাদেশ মৎসজীবীলীগের নামও রয়েছে।
