যুক্তরাষ্ট্র ডেস্ক
নিউ জার্সিতে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পেশাগত ঐক্য জোরদার, অধিকার রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব’ নামে একটি নতুন সংগঠন গঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিউ জার্সির উডল্যান্ড পার্কের একটি হলরুমে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমেরিকা বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলাউর খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমেরিকা বাংলা চ্যানেলের সিইও মাহবুবুর রহমান। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও যুক্তরাষ্ট্র করেসপনডেন্ট এম এ আহাদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদিয়া ভিশনের সৈয়দ খালিদ আলী।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকা বাংলা চ্যানেলের জাকিরুল হিমেল, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের বিশ্বজিৎ বাবলু, প্রচার সম্পাদক আমেরিকা বাংলা চ্যানেলের কামরান হাদি এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বদেশ নিউজের রেজওয়ান আহমেদ।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সোনার তরী টিভির মুক্তা আবেদীন, আমেরিকা বাংলা চ্যানেলের হোসেন পাঠান বাচ্চু, বেঙ্গল টিভির মাসুদ চৌধুরী, প্রবাসীর চোখ টিভির ফরিদ পাঠান, সাংবাদিক বেলাল আহমেদ, প্রবাস জার্নালের মোহাম্মদ আলমগীর হোসেন এবং প্রথম আলো ইউএসএর রোকেয়া দীপা।
সভায় বক্তারা বলেন, নিউ জার্সিতে কর্মরত সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংগঠনটি সক্রিয়ভাবে অংশ নেবে বলেও আশা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনটির কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
