আন্তর্জাতিক ডেস্ক
ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না তিনি। মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা এটিই দেখতে অপেক্ষা করছেন তিনি।
একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে এখনই হামলার চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা সেটাই দেখতে তিনি অপেক্ষা করছেন।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর একটি হলো ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে, এটি এতটাই সুরক্ষিত যে কেবল সবচেয়ে শক্তিশালী বোমাগুলোর পক্ষেই এটি ধ্বংস করা সম্ভব।
এর আগে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নিয়েছেন কি না। জবাবে তিনি বলেন, আমি করতেও পারি, নাও করতে পারি। এরপর তিনি আবারও ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তুলে বলেন, আগামী সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হয়তো সপ্তাহও লাগবে না।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলেছেন, তার দেশ আত্মসমর্পণ করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তাহলে তার অপূরণীয় পরিণতি হবে।
