যুক্তরাষ্ট্র অফিস
যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন জো বাইডেন। স্থানীয় সময় সোমবার নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
বাইডেন চিঠিতে লেখেন, ‘গণমাধ্যম ও বিভিন্ন মহলের জল্পনা সত্ত্বেও আমি আপনাদের জানাতে চাই, নির্বাচন করতে, নির্বাচনের দৌড় শেষ করতে এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’
ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে দ্বিতীয় দফায় নির্বাচন করে বাইডেনের জয়ী হওয়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, চিঠিতে তিনি তা জোরালো ভাষায় নাকচের চেষ্টা করেছেন। দুই পৃষ্ঠার এই চিঠিতে বাইডেন লেখেন, ‘কীভাবে সামনে এগোতে হবে তা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক আলোচনা হয়েছে। এখন এসব আলোচনা বন্ধ করার সময় হয়েছে। এখন আমাদের সামনে একটাই কাজ। আর তা হলো ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা। ডেমোক্রেটিক পার্টির কনভেনশনের আগে আমাদের হাতে ৪২ দিন সময় আছে, সাধারণ নির্বাচনের আগে সময় আছে ১১৯ দিন। এই অবস্থায় সংকল্পের দুর্বলতা বা করণীয় নিয়ে অস্পষ্টতা ট্রাম্পকে সাহায্য করবে, আর ক্ষতি করবে আমাদের।’
এদিকে চলতি সপ্তাহটি বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশটির প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রথম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। এমন একটি পরিস্থিতিতে রোববার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্য বিরোধী দলীয় নেতা হাকিম জেফরিসকে বলেছেন, বাইডেনের সরে দাঁড়ানো উচিত।
এদিকে মঙ্গলবার বাইডেনের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এদিন হাকিম জেফরিসের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির সদস্যদের পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। বৈঠকে বাইডেনের বিষয়ে দলের সদস্যদের ধৈর্যের ‘বাঁধ ভাঙবে’ বলে ধারণা করা হচ্ছে।
