যুক্তরাষ্ট্র অফিস
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব সোমবার পাস হয়েছে। যুদ্ধবিরতির এ চুক্তি মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। হামাস যে গাজায় যুদ্ধবিরতি চায়, সেটার প্রমাণও দেখাতে বলেছেন তিনি।
হামাস বলছে, তারা যুদ্ধবিরতি চায়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাস জাতিসংঘের প্রস্তাবটি পাস হওয়ার পরপরই স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং বলেছে, এটি বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের সাথে তারা কাজ করতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইসরায়েলের সরকার বর্তমানের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে। তবে নেতানিয়াহুসহ জোটের প্রধান সদস্যদের প্রকাশ্য বিবৃতি, চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড।
এর মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির শর্তগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে সংগঠনটি।
অপরদিকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে জাতিসংঘে ইসরাইলের প্রতিনিধি রুট শাপির বেন-নাফতালি বলেন, ‘ইসরাইল এটি নিশ্চিত করতে চায় যে, গাজা ভবিষ্যতে ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠবে না। এ জন্য ইসরাইল আপাতত তার লক্ষ্যগুলো পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে। ইসরাইলের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং হামাসকে সমূলে ধ্বংস করা। এই লক্ষ্যগুলো পূরণ হলেই যুদ্ধ শেষ হবে। তার আগে নয়।’
উল্লেখ্য, সোমবার রাতে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এই যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ভোট দেওয়া থেকে বিরত ছিল কেবল রাশিয়া।
