আন্তর্জাতিক ডেস্ক
উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা বিস্ফোরণ এই হতাহতের ঘটনা ঘটে। খবর দ্য টাইমস অব ইসরাইলের।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে আইডিএফ%। বাকিদের নাম পরে জানানোর কথা জানিয়েছে তারা।
নিহত দুই সেনা হলেন স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা।
নিহত দুজনেই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সেনারা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সেনারা পায়ে হেঁটে অভিযানে ছিলেন, কোনো গাড়িতে ছিলেন না। এছাড়া হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলিরও ঘটনা ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সামরিক বাহিনী জানিয়েছে, সেনাদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পালটা হামলার শিকার হতে হলো।
