আন্তর্জাতিক ডেস্ক
ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানেও পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলও। ইসরায়েলি সেনাবাহিনী তেহরান অঞ্চলে নতুন হামলার শুরুর কথা একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে। খবর আল জাজিরার।
বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামলার একটি নতুন ঢেউ শুরু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এর আগে এক ঘণ্টায় দুই দফায় হামলা চালায় ইরান। ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে আঘাত হানে।
ইরান দুই দফায় প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলে। তখন বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
ইরানের হামলায় ইসরায়েলের মধ্যবর্তী একটি অঞ্চলে পার্কিং এলাকায় আগুন ধরে ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।
এদিকে ইসরায়েল হামলা শুরুর আগে তেহরানের ডিস্ট্রিক্ট এইটিন নামে একটি এলাকার লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়।
এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি বার্তায় লিখেছেন— ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’
