আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে যশোর রোড সংলগ্ন দোহরিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরবাইকে করে আসা দুষ্কৃতীরা চন্দ্রনাথ রথের স্করপিও গাড়ি আটকে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে মধ্যমগ্রামের দিকে ফেরার পথে যশোর রোড এলাকায় পৌঁছালে হামলাকারীরা তাকে ঘিরে ফেলে। অভিযোগ, তার বুকে একাধিক গুলি করা হয়।
ঘটনার পরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র্যাপিড অ্যাকশন ফোর্স ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ গাড়িটি জব্দ করে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে একাধিক বিজেপি নেতা ও বিধায়ক হাসপাতাল ও ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
