মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ার জোহর রাজ্যের টাম্পই ইন্দাহ এলাকায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে বাংলাদেশিসহ মোট ৯২ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে শুরু হওয়া এই অভিযানটি জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুসের নেতৃত্বে পরিচালিত হয়।
তিনি জানান, ভোর ৪টা থেকে শুরু হওয়া এই সমন্বিত অভিযানে পাঁচটি ভিন্ন অপারেশন অপস সেলেরা, অপস মারি, অপস সাপু, অপস বেলাঞ্জা এবং অপস পিন্টু একযোগে পরিচালিত হয়।
অভিযান চালানো হয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় যেগুলোতে অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ বা আশ্রয় দেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া যায়।
অভিযানের বিষয়ে রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে মোহদ রুসদি বলেন, গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পোশাক তৈরির কারখানা, সৌন্দর্য সেবা কেন্দ্র এবং রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া ৯২ জন অবৈধ প্রবাসীর মধ্যে রয়েছেন, ইন্দোনেশিয়ার ১৯ জন পুরুষ ও চারজন নারী, অতিরিক্ত আরও ১৫ জন পুরুষ ও পাঁচজন নারী, শ্রীলঙ্কার সাতজন পুরুষ ও দুইজন নারী, মিয়ানমারের ১৯ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের আটজন পুরুষ, পাকিস্তানের দুইজন পুরুষ, চীনের একজন নারী, ফিলিপাইনের একজন নারী। আটকদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে।
ইমিগ্রেশন পরিচালক আরও বলেন, অভিবাসীদের বৈধ পারমিট ছাড়া কাজ করা, ভিজিট পাস বা ওয়ার্ক পারমিটের শর্ত ভঙ্গ করা। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
