ঢাকা অফিস
দেশে বসেই প্রবাসী বাংলাদেশিদের ডলার প্রতারণা করে আসছিলেন আদিব ফয়েজ চক্র। এর মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন তারা। অবশেষে এ চক্রের মূলহোতা আদিব ফয়েজকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. জসিম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদিব ফয়েজ দেশে অবস্থান করেও যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিতেন। একই সঙ্গে দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন।
এ ঘটনার পর রমনা থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ এবং তদন্তাধীন অবস্থায় মূল আসামি আদিব ফয়েজকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আদিব ফয়েজকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তার ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।
সিআইডি আরও জানায়, প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
