যুক্তরাষ্ট্র অফিস
মাইক্রোসফটের সিলিকন ভ্যালি ক্যাম্পাসে ভারতীয় বংশোদ্ভূত সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতীক পাণ্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছ। গত ১৯ আগস্ট প্রতীক শেষবার অফিসে প্রবেশ করেন এবং পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। খবর ব্লুমবার্গ এর।
প্রতিবেদনে বলা হয়, গত ২০শে আগস্ট স্থানীয় সময় রাত ২টার দিকে মাউন্টেন ভিউ পুলিশের সদস্যরা খবর পেয়ে মাইক্রোসফটের অফিসে পৌঁছান। কর্মকর্তারা ঘটনাস্থল থেকে প্রকৌশলী প্রতীক পান্ডেকে মৃত অবস্থায় দেখতে পান।
প্রতীকের পরিবারের সদস্যদের মতে, তিনি দীর্ঘ সময় ধরে রাতে অফিসে কাজ করতেন। আনুমানিক ৩৫ বছর বয়সী প্রতীক মাইক্রোসফটের ফ্যাব্রিক ও সিন্যাপস প্রকল্পে কাজ করতেন। অ্যাপলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাও আছে তার।
স্যান্টা ক্লারা কাউন্টির ময়নাতদন্তকারী চিকিৎসকের মতে, প্রতীকের মৃত্যুর সঠিক কারণ এখনও তদন্তাধীন।
এদিকে মাইক্রোসফটের পক্ষ থেকেও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।
পুলিশের একজন মুখপাত্র জানান, তারা কোনো সন্দেহজনক কার্যকলাপ বা আচরণের প্রমাণ খুঁজে পাননি। তাই প্রতীকের মৃত্যুকে অপরাধমূলক মামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
প্রতীকের লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, ২০২০ সালে মাইক্রোসফটে যোগদানের আগে তিনি ওয়ালমার্ট ইনকর্পোরেটেড এবং অ্যাপল ইনকর্পোরেটেডসহ বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন। তিনি সান জোসে স্টেইট ইউনিভার্সিটির সাবেক ছাত্র ছিলেন।
প্রতীকের বাবা-মা ভারতে থাকেন। তার মৃতদেহ ভারতে ফিরিয়ে আনতে ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছে তার পরিবার।
