ডেস্ক রিপোর্ট
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে সপ্তাহান্তে ২৪৮ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির ম্যারিটাইম রেসকিউ সার্ভিস৷ স্প্যানিশ সংবাদ মাধ্যম ইএফই এ তথ্য নিশ্চিত করেছে৷
রোববার (২৪ আগস্ট) গ্রান ক্যানারিয়ার দক্ষিণে ৪২৯ কিলোমিটার দূরে সমুদ্র থেকে ২৪৮ অভিবাসীকে উদ্ধার করা হয়৷
উদ্ধারকৃতদের মধ্যে দুজন শিশু, বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক ও ১৭ জন নারী রয়েছেন৷ তাদের সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক এবং ধারণা করা হচ্ছে তারা সেনেগাল উপকূল থেকে যাত্রা করেছেন৷
এর আগে শনিবার সকালে টিওস নামের একটি বাণিজ্যিক জাহাজ প্রথমে সমুদ্রে নৌকাটিকে দেখতে পায়৷ নৌকাটি মোটরবিহীন ও ভাসমান অবস্থায় ছিল৷ জাহাজটি নৌকাটিকে দড়ি দিয়ে বেঁধে রেখে রক্ষা করেছিল৷ এরপর তারা সাহায্যের জন্য স্পেনের উদ্ধার কর্তৃপক্ষকে খবর দেয়৷
ওই সময় নৌকাটি স্পেন ও মরক্কোর যৌথ অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) অঞ্চলে ছিল৷ মরক্কো জানায়, তাদের কোনো উদ্ধার জাহাজ কাছাকাছি নেই৷ ফলে স্প্যানিশ কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করে৷
রোববার ভোর ২টা ১৫ মিনিটে রেসকিউ জাহাজ উরানিয়া নৌকাটির ২৪৮ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে৷ পরে বিকেল ৩টা ৩০ মিনিটে তাদের সবাইকে গ্রান ক্যানারিয়ার আরগুইনেগুন বন্দরে নামানো হয়৷ সেখানে স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন৷
এটি গত ১২ আগস্টের পর ক্যানারি দ্বীপপুঞ্জের সমুদ্রপথে আসা প্রথম বড় উদ্ধার অভিযান৷ ওইদিন লান্সারোতে ও গ্রান ক্যানারিয়ার উপকূলেও দুটি নৌকা থেকে ৬৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল৷
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
