নিজস্ব প্রতিবেদক, নাটোর
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাড়িয়েছে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। এছাড়া গুরুতর আহত হন আরও দুইজন।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন। আর আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুজনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে।
