ডেস্ক রিপোর্ট
ইংলিশ চ্যানেলে এক নৌকাডুবির ঘটনায় চার অভিবাসীর মৃত্যু এবং আরো চার জন নিখোঁজ হওয়ার ঘটনায় ফ্রান্সের লিলে শহরে দশ ব্যক্তির বিচার শুরু হয়েছে৷ অভিযুক্তদের মধ্যে রয়েছে আট আফগান, এক সিরীয় এবং এক ইরাকি নাগরিক৷
২০২২ সালের ১৪ ডিসেম্বর রাত প্রায় ১টা থেকে দেড়টার মধ্যে একটি ছোট রাবারের নৌকা ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেয়৷ নৌকার বেশিরভাগ যাত্রী ছিলেন আফগান৷ কিছু দূর যাওয়ার পরেই নৌকাটি ইংলিশ উপকূলের কাছাকাছি একটি এলাকায় ডুবে যায়৷
মোট ৩৯ জন অভিবাসীকে উদ্ধার করা সম্ভব হলেও চার জনের মরদেহ উদ্ধার হয় এবং বাকিদের খোঁজ পাওয়া যায়নি৷ উদ্ধার হওয়াদের মধ্যে আট জন ছিল শিশু৷ ওই রাতেই চ্যানেলে আরও সাতটি ছোট নৌকা যাত্রা করেছিল বলে জানিয়েছিল ফরাসি কর্তৃপক্ষ৷
জরুরি পরিষেবার কর্মীদের মতে, যাত্রার আগেই অনেকে নৌকা ভেঙ্গে যাওয়ার শব্দ শুনেছিল৷ তখন পাচারকারীরা বিষয়টি এড়িয়ে গিয়ে যাত্রীদের জানায়, এটিই একমাত্র নৌকা এবং এটি নিয়েই যাত্রা করতে হবে৷
উদ্ধার হওয়া যাত্রীদের মতে, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল এবং সবার জন্য লাইফজ্যাকেটও ছিল না৷ মৃত্যুবরণকারীদের কারও গায়েই লাইফজ্যাকেট ছিল না৷
নৌকাটি ডুবে যাওয়ার আগমুহূর্তে ভেতরে পানি ঢুকতে শুরু করে এবং যাত্রীদের হাঁটু পর্যন্ত পৌঁছে যায়৷ যাত্রীরা দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে গেলে নৌকার নিচের অংশ ভেঙে পড়ে এবং সবাই পানিতে পড়ে যায়৷
এই ঘটনায় নয়জনের বিরুদ্ধে ‘জীবন রক্ষার দায়িত্বে ব্যর্থ হয়ে অনিচ্ছাকৃত হত্যার’ অভিযোগ আনা হয়েছে৷ এছাড়া দুইজনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ এবং সবার বিরুদ্ধেই অনিয়মিভাবে অভিবাসনে সহায়তার অভিযোগ রয়েছে৷
আসামিদের মধ্যে কেউ কেউ অভিবাসীদের পরিবহণ ও আবাসন ব্যবস্থার দায়িত্বে ছিল৷ অনেকে ছিলেন লুন-প্লাজ নামের অভিবাসী ক্যাম্প থেকে অভিবাসীদের পাচারের দায়িত্বে৷ দুজন অভিযুক্ত অভিবাসীদের অর্থ সংগ্রহের কাজেও যুক্ত ছিলেন বলে তদন্তে জানা গেছে৷
এদিকে, নাবালক এক সেনেগালি অভিবাসী, যিনি ওই নৌকা চালিয়েছিলেন, তার বিচার যুক্তরাজ্যের আদালতে আলাদাভাবে চলছে৷
২০১৮ সালে চ্যানেল পাড়ি দেওয়ার উদ্দেশে ছোট নৌকার ব্যবহার শুরু হওয়ার পর থেকে বহু দুর্ঘটনা ঘটেছে৷ এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ২০২১ সালের নভেম্বরে, যেখানে ২৭ জনের মৃত্যু হয়৷
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ১৫ অভিবাসী প্রাণ হারিয়েছেন৷ ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭৮, যা এখন পর্যন্ত সর্বোচ্চ৷
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
