আন্তর্জাতিক ডেস্ক
হামলা না থামালে ইসরাইলকে ‘আরও কঠোর জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন। খবর বিসিসির।
ইসরাইল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।
এক্ষেত্রে ইসলামি দেশগুলোকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।
টেলিফোনে আলাপকালে তিনি এটাও উল্লেখ করেছেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং ‘দৃঢ়তার সঙ্গে’ ইসরাইলি হামলার জবাব দিয়েছে।
এদিকে ইরান-ইসরায়েল সংঘাত এক নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সেখানে সক্রিয় করা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরাইল চলমান সংঘাত বন্ধে ‘একটি চুক্তিতে পৌঁছাবে’। সংঘাত বন্ধে করতে অনেক ফোনকল ও বৈঠক এখন চলছে। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘ইরান ও ইসরাইলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশে চুক্তিতে পৌঁছাবে—যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম।’
ট্রাম্প আরও লিখেছেন, আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না—তবে ঠিক আছে, জনগণ বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন!
