আন্তর্জাতিক ডেস্ক
ইরানকে পরমাণু চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা না হলে আরো ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, ইরানকে ‘একের পর এক সুযোগ’ দিয়েছি। আগামী রবিবার ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তি বিষয়ক ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ওই আলোচনার আগেই এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার (১৩ জুন) ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমি তাদের শক্ত ভাষায় বলেছি যে এটি করো, কিন্তু তারা করেনি। ইতোমধ্যে অনেক প্রাণহানি ও ধ্বংস সাধিত হয়েছে। কিন্তু এই রক্তপাত বন্ধ করার এখনো সময় আছে। কারণ এর পরের হামলাগুলো আরো ভয়াবহ হতে যাচ্ছে।’
ট্রাম্প আরও বলেন, ‘সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে। যেটিকে এক সময় পারস্য সাম্রাজ্য বলা হতো, সেটিকে রক্ষা করো। আর কোনো মৃত্যু নয়, আর কোনো ধ্বংস নয়, এটি করো, নইলে অনেক দেরি হয়ে যাবে।”
তিনি বলেন, “ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না করলে এরপর তাদেরকে ‘আরো নৃশংস’ ইসরায়েলি হামলার শিকার হতে হবে।”
তিনি উল্লেখ করেন, ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে, এই হামলার পরিকল্পনার কথা তিনি আগে থেকেই জানতেন। তবে তিনি এটি স্পষ্ট করেছেন যে এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কোনোভাবেই অংশ নেয়নি।
