ঢাকা অফিস
সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে মাসিক সর্বনিম্ন চাঁদার হার ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি পেনশন স্কিমে মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।
বুধবার (১৪ মে) জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ও পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদ।
সভায় একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর চাইলে তিনি তার মোট জমার সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন আর্থিক সুবিধা হিসেবে নিতে পারবেন।
প্রবাস এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকের আয় কম হওয়ায় তাদের সুবিধার্থে সর্বনিম্ন মাসিক চাঁদা ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত সেবাকর্মীদের প্রগতি পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া সর্বজনীন পেনশন স্কিমের একটি ইসলামিক সংস্করণ চালুর সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী সভায় উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
