যুক্তরাষ্ট্র অফিস
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পথ হারানো শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করলেন এক হৃদয়বান নারী। হারিয়ে যাওয়া ছেলেটির খোঁজে তৎপর ছিল এনওয়াইপিডি। শিশুটিকে হন্নে হয়ে খুজছিলেন তার মা।
জানা যায়, আজ সকালে নিউ ইয়র্ক শহরের ব্যস্ত মিডটাউন ম্যানহাটন এলাকায় প্রায় ৫ বছর বয়সী ছেলেটি তার মায়ের সঙ্গে ছিল। ব্রায়ান্ট পার্ক এলাকার ব্যস্ত রাস্তায় হাঁটার সময় হঠাৎ হারিয়ে যায় সে। পরে এক সচেতন নারী দেখতে পান, একটি ছোট ছেলে একা একা রাস্তা দিয়ে হাঁটছে এবং চোখে-মুখে বিভ্রান্তির ছাপ স্পষ্ট। তিনি নিজের ঝুঁকি নিয়ে ছেলেটিকে নিরবে অনুসরণ করতে থাকেন এবং তাৎক্ষণিকভাবে ৯১১-এ কল করেন। এনওয়াইপিডিও ওই ছেলেটিকে খুঁজছিল। পরে জরুরি কল পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই স্থানীয় থানার পুলিশ সদস্যরা সেই সহানুভূতিশীল নারীর সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে নিরাপদে খুঁজে পান।
নারীর দ্রুত পদক্ষেপ এবং পুলিশের তাৎক্ষণিক সাড়া দেওয়ার ফলে, শিশুটি কয়েক ব্লক দূরে তার মায়ের সঙ্গে পুনর্মিলিত হতে পারে।
এনওয়াইপিডির এক মুখপাত্র জানান, ‘আজকের ঘটনায় যিনি এগিয়ে এসেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ, এমন নিউ ইয়র্কারদের কারণেই আমাদের শহর আরও নিরাপদ, আরও মানবিক হয়ে ওঠে।’
এদিকে ছেলেটির মা, যিনি তখনও ভীষণ আতঙ্কিত ছিলেন। যে নারী নারী ও পুলিশ কর্মকর্তারা তার সন্তানকে নিরাপদে ফিরিয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এ ঘটনায় কেউ আহত হননি, এবং পুলিশ নিশ্চিত করেছে যে, রিপোর্ট পাওয়ার ৩০ মিনিটের মধ্যেই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। তবে হারানো শিশুকে খুজে দেয়া নারীর বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
পুলিশ সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক বা উদ্বেগজনক পরিস্থিতি দেখলে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে—কারণ একটি কলই অনেক সময় সবকিছু বদলে দিতে পারে।
