আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে ১৮ হাজার ৬০০ জনেরও বেশি অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
সৌদি আরব আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে এসব অভিবাসীকে ধরা হয়। শনিবার (১২ এপ্রিল) সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
২০২৫ সালের হজ মৌসুমের আগে দেশটি সীমান্ত ও শ্রমশক্তির ওপর নজরদারি জোরদার করেছে। এর অংশ হিসেবেই এই অভিযান শুরু হয়েছে।
গাল্ফ নিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩ থেকে ৯ এপ্রিলের মধ্যে একাধিক সরকারি সংস্থা অভিযানের চালিয়ে ১৮ হাজার ৬৬৯ জন জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে ১১ হাজার ৮১৩ জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের জন্য। ৪ হাজার ৩৬৬ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ও ২ হাজার ৪৯০ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।
তাছাড়া এক হাজার ৪৯৭ জনকে ধরা হয়েছে অবৈধভাবে সৌদি আরবের প্রবেশের চেষ্টা করার সময়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ২৭ শতাংশ ইয়েমেনি ও বাকি চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক। কর্তৃপক্ষ অবৈধভাবে সৌদি ত্যাগ করার চেষ্টা করায় ৫৯ জনকে আটক করেছে।
তাছাড়া ২৫ হাজার ৭৫৪ জন ব্যক্তিকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ২ হাজার ২৭৯ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই সঙ্গে ৮ হাজার ১২৬ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে অবৈধভাবে বসবাসের সুবিধা প্রদানের অভিযোগে ১৭ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
আইন ভঙ্গকারীদের সম্পর্কে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং রিয়াদ অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল করার কথা বলা হয়েছে।
এ ছাড়া সন্দেহজনক আচরণ দেখা গেলে মক্কা এবং রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬-এ রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।।
সূত্র: গাল্ফ নিউজ
