আন্তর্জাতিক ডেস্ক
গ্রিসের বন্দর পুলিশ রোববার জানিয়েছে, এজিয়ান সাগরের ফার্মাকোনিসি দ্বীপ থেকে একজন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এছাড়া ঘটনাস্থল থেকে কাছাকাছি দূরত্বে থাকা তুরস্ক উপকূল থেকে আসা ১৮ জন অনিয়মিত অভিবাসীকেও উদ্ধার করা হয়েছে৷
রোববার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বন্দর পুলিশ জানিয়েছে, শনিবার উদ্ধার হওয়া ১৮ অভিবাসীকে সেখানে ফেরে রেখে পালিয়ে গেছে পাচারকারীরা৷
গ্রিক কোস্টগার্ডের একজন প্রেস কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহত ব্যক্তিকে প্রাথমিক অবস্থায় এজিয়ান সাগরের ফার্মাকোনিসি উপকূল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল৷ জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে এক প্রাপ্তবয়স্কসহ তিন শিশুকে রাজধানী এথেন্সে স্থানান্তর করা হয়েছে৷ সেখানেই তাদেরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
তিনি আরও বলেন, জীবিতদের মধ্যে বাকি ১৪ জন আফগানকে নিরাপদে লেরোস দ্বীপের আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে৷
বেঁচে যাওয়া অভিবাসীদের জানিয়েছেন, পাচারকারীরা শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় আগাথোনিসি উপকূলে তাদের রেখে তুরস্ক উপকূলের দিকে ফিরে গেছে৷
শনিবার সন্ধ্যা থেকে রোববার পর্যন্ত কোস্টগার্ড সমুদ্রে অনুসন্ধান চালিয়েছে, যাতে অভিবাসীদের মধ্যে কোনো নিখোঁজ না থাকেন৷
ফার্মাকোনিসি দ্বীপ পূর্ব ভূমধ্যসাগরে দক্ষিণ-পূর্ব ইউরোপের প্রান্তে অবস্থিত৷ গ্রিক দ্বীপপুঞ্জগুলো অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের জন্য একটি বহুল ব্যবহৃত পথ হিসাবে পরিচিত৷ প্রধানত এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীরা পশ্চিম ইউরোপের দিকে যেতে গ্রিসকে ব্যবহার করে৷
জাতিসংঘের মতে, গ্রিক-তুরস্ক রুটে বিপজ্জনক পারাপারের সময় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে৷ ২০২৪ সালে পুরো ভূমধ্যসাগর রুটে দুই হাজার ৪৫২ জন অভিবাসী নিহত অথবা নিখোঁজ হয়েছেন৷
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
