ডেস্ক রিপোর্ট
উত্তর ফ্রান্সের কালে উপকূল থেকে ৭০ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ৷ শুক্রবার থেকে শুরু করে শনিবার রাত পর্যন্ত উদ্ধার হওয়া এসব অভিবাসীদের মধ্য একজন নিহত এবং আরেকজন অজ্ঞান ছিলেন৷
চ্যানেল এবং উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি প্রেফেকচুর শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে৷ তবে এসব অভিবাসী কোন দেশের তা জানানো হয়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার কালে উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়৷ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফরাসি নৌবাহিনীর চার্টার উদ্ধার জাহাজ আবেই নরমান্দি মোট ৭০ জন অভিবাসীকে উদ্ধার করে৷
উদ্ধার হওয়া ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয় বুলন সুর মের অঞ্চলের মেরিটাইম মেডিকেল টিমকে৷ তাদের মধ্যে দুই জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়৷ তাদের একজনকে হেলিকপ্টারে করে কালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ তার কিছুক্ষণ পরেই মারা যান তিনি৷অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার জ্ঞান ফিরেছে৷
গেল সপ্তাহান্তে অসংখ্য অভিবাসী ছোট নৌকায় চড়ে চ্যানেল পেরিয়ে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করেছেন বলে উদ্ধার হওয়া অভিবাসী সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ফরাসি উপকূল থেকে চ্যানেল পার হয়ে ৩৬ হাজার ৮১৬ জন মানুষ যুক্তরাজ্যে পৌঁছেছেন৷ এটি ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি৷
ফ্রান্স সরকার নানা ধরনের উদ্যোগ নেয়ার পরও ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা থেকে সরে আসেননি অভিবাসীরা৷ বেশিরভাগ ক্ষেত্রেই তারা ছোট নৌকায় চ্যানেলটি পার হতে চান৷
কিন্তু এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম শিপিং রুট হওয়ায় ছোটো নৌকার পক্ষে চ্যানেল পাড়ি দেওয়া প্রায়ই অসম্ভব হয়ে দাঁড়ায়৷ নিয়মিত দুর্ঘটনার খবর আসে, প্রাণ হারান অনেক মানুষ৷
ইংলিশ চ্যানেলজুড়ে অভিবাসীবাহী এসব নৌকা বন্ধে তৎপর রয়েছে যুক্তরাজ্যও৷ এ জন্য তারা ফ্রান্সের সঙ্গে সহযোগিতা চুক্তিও করেছে৷
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
