ঢাকা অফিস
বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে বাংলাদেশ যে নোট ভারবাল দিয়েছিল সেখানে বন্দি বিনিময় চুক্তির আওতায় প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানান। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি বলেও জানান তিনি।
সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন বাংলাদেশ ভারতকে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ প্রতিবেদন বাংলাদেশের জন্য দেওয়া হয়েছে এবং এটি প্রকাশ্যেই আছে।
উল্লেখ্য, বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তাবাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ১২-১৩ শতাংশ শিশু ছিল। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন।
