ডেস্ক রিপোর্ট
জর্জিয়ান শ্রমিকদের শোষণের অভিযোগে ইতালির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্যালাব্রিয়া থেকে নয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দক্ষিণ ইতালির শহর ক্রোটোনে থেকে অভিযুক্ত নয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, গ্রেপ্তারকৃতরা একটি নেটওয়ার্কের সাথে জড়িত ছিল যারা জর্জিয়ান নাগরিকদের ইতালিতে শোষণের উদ্দেশ্যে নিয়োগ, প্রবেশ ও থাকার ব্যবস্থা করতো৷ গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন জর্জিয়ান নাগরিক এবং দুইজন ইতালীয়৷
আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে হেফাজতে রাখা হয়েছে এবং বাকি পাঁচজনকে গৃহবন্দি রাখা হয়েছে।
এসব ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন হিসেবে তিনজনের বিরুদ্ধে অন্য একটি দেশে ২০২২ সালে তদন্ত শুরু হয়েছিল৷
তাদেরকে আটকের জন্য ক্রোটোনে এবং কাতানজারো প্রদেশে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় অপরাধী সংগঠনের আরও তিনজন সদস্য ইতালির বাইরে অবস্থান করছিলেন৷ তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
পরোয়ানা থাকা তিনজনকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল) এবং ইতালীয় পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
ক্রোটোনে পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে উল্লেখ করেছে, এসব ব্যক্তিদের ধরতে ২০২২ সালের জুলাই মাসে তদন্ত শুরু হয়। তদন্তে একজন ইতালীয় নাগরিকের নেতৃত্বে একটি নেটওয়ার্কের সন্ধান মেলে৷ জর্জিয়ান তিন নারীর সাহায্যে তিনি বেআইনি কার্যক্রম চালাচ্ছিলেন৷
নেটওয়ার্কটি জর্জিয়ান নারীদের প্রলুব্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়েছিল। তারা বিদেশি নারী কর্মীদের ইতালিতে কাজের প্রতিশ্রুতি দিত।
অভিযানের অংশ হিসাবে, চক্রটির বিভিন্ন সম্পত্তি জব্দ করা হয়৷ ইতালীয় পুলিশ টেলিট্যাপিং, ভিডিও নজরদারি, সন্দেহভাজন ও ভুক্তভোগীদের অনুসরণ, ওয়েবসাইট বিশ্লেষণ, স্যাটেলাইটের মাধ্যমে যানবাহনের অবস্থান এবং গতিবিধি শনাক্তকরণের মাধ্যমে অপরাধী সংগঠনটির কার্যপদ্ধতি জানতে সক্ষম হয়৷
ইতালির কৃষিসহ বিভিন্ন খাতে অনিয়মিত অভিবাসন এবং শ্রমশোষণের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অতি ডান সরকার।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
