ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে বাগবিতণ্ডা ও তালাকের খবর শুনে মারিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূ বিষ ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের চান্দি গ্রামের আইয়ুব মিয়ার মেয়ে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ২ বছর আগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টাংগা গ্রামের মুসা মিয়ার ছেলে সৌদি প্রবাসী তানজিল চৌধুরী ও মারিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বনাবনি তেমন ভালো ছিল না। বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলতো।
শনিবার মোবাইলে স্বামীর সঙ্গে কথা বলার সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী তালাক দেবেন বলে জানান। এই অভিমানে বিষ ট্যাবলেট পান করে আত্মহত্যা করেন মারিয়া।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানান তিনি।
