আন্তর্জাতিক ডেস্ক
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন নিজ দল লিবারেল পার্টির এমপিদের একাংশ। আলটিমেটাম অনুযায়ী তাকে ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে হবে। নয়তো পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়া হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, কানাডার লিবারেল পার্টির অসন্তুষ্টি এমপিরা বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। তাতে অন্তত ২০ জন এমপি ট্রুডোকে পরবর্তী নির্বাচনে সম্ভাব্য পরাজয়ের আগে পদত্যাগ করার আহ্বান জানান। এসব এমপিদের কেউ কেউ মন্ত্রিসভারও সদস্য বলে জানা গেছে।
বৈঠকে এমপিরা ট্রুডোর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে তার পদত্যাগের বিষয়ে একটি রূপরেখা দেন। যাতে ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে বলা হয়। জাস্টিন ট্রুডোকে তারা বলেন, ‘আপনি নেতা হিসেবে থেকে বিদ্রোহের সম্ভাবনার মুখোমুখি হবেন কি না তা আগামী সপ্তাহের শুরুতেই সিদ্ধান্ত নিন।’
বৈঠকে এমপিরা পদত্যাগের দাবিটি লিখিত আকারে ট্রুডোকে দেন। তাতে অসন্তুষ্ট এমপিদের সই রয়েছে। তবে ট্রুডো পদত্যাগ না করলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করে কেউ জানাতে পারেননি।
উল্লেখ্য, কানাডিয়ান পার্লামেন্টে ১৫৩ জন লিবারেল পার্টির সদস্য রয়েছেন। বিদ্রোহের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তা বাস্তবায়নে এখনো ব্যাপক সমর্থনের অভাব রয়েছে। এ ছাড়া ট্রুডোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও দলের বিকল্প নেতা হিসেবে কেউ তার বিরুদ্ধে দাঁড়াননি।
