ঢাকা অফিস
গত ১৫ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচার হওয়া টাকা ফেরত আনতে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, পাচার হওয়া টাকা আনার জন্য অলরেডি (ইতোমধ্যে) একটা টাস্কফোর্স আছে, গভর্নরের সঙ্গে কথা হয়েছে। এটার জন্য কিছু কারিগরি সহযোগিতা লাগবে। উনি (গভর্নর) ওয়াশিংটন গেছেন, আমরাও যাচ্ছি। ওখান থেকে আনা হবে। অতএব এটা আমাদের একটা প্রায়োরিটি (অগ্রাধিকার)। এটা নিয়ে কাজ হচ্ছে।
রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কতদিন লাগবে পাচারের টাকা ফেরত আসতে তা এখনই বলা যাবে না। কয়েক বছর ধরে এই টাকা পাচার হয়েছে। তা ফেরত আসতে সময়তো লাগবেই।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিসিবির আওতা আরও বাড়ানো হচ্ছে। একই সঙ্গে কৃষি বিপণন অধিদপ্তরও কাজ করছে। বেসরকারি কিছু প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে, সেটাকেও আমরা সাধুবাদ জানাই।
