ডেস্ক রিপোর্ট
ইউরোপীয় কমিশন শুক্রবার তুরস্ককে আফগান ও সিরীয় অভিবাসীদের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং জোরপূর্বক প্রত্যাবর্তনের বিষয়ে ‘পুঙ্খানুপুঙ্খভাবে’ তদন্ত করার আহ্বান জানিয়েছে৷ অভিবাসন ইস্যুতে দীর্ঘদিন ধরে ইউরোপীয় তহবিল পেয়ে আসছে তুরস্ক৷
সম্প্রতি তুরস্কের ডিটেনশন সেন্টার ও অভিবাসন কেন্দ্রগুলোতে অভিবাসীদের সাথে দুর্ব্যবহার নিয়ে ৪০ জন অভিবাসীর সাক্ষ্যসহ একটি একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি দৈনিক লো মোন্দ, জার্মান দৈনিক ডেয়ার স্পিগেল, স্প্যানিশ দৈনিক এল পাইস এবং পলিটিকোসহ নয়টি ইউরোপীয় সংবাদমাধ্যম৷
প্রতিবেদনে তুর্কি কর্তৃপক্ষের বিরুদ্ধে আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্ব্যবহার এবং আফগানিস্তান ও সিরিয়া থেকে আসা অভিবাসীদের জোরপূর্বক ডিপোর্ট করার অভিযোগ আনা হয়েছে৷
প্রতিবেদনটিতে দাবি করা হয়, ইউরোপীয় কমিশন এই বিষয়ে সুশীল সমাজ, কূটনীতিক এবং এমনকি তার নিজস্ব কর্মীদের দেওয়া সতর্কবার্তা বারবার উপেক্ষা করেছে৷ উল্লেখ্য, তুরস্কের আশ্রয়কেন্দ্রগুলোর নির্মাণ বা সংস্কারে অর্থায়ন করে আসছে ইইউ৷
শুক্রবার (১১ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনা পিসোনেরো জোর দিয়ে বলেন, ‘অন্যায় আচরণ নিয়ে যেসব অভিযোগ এসেছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা তুর্কি কর্তৃপক্ষের দায়িত্ব।’
তিনি আরো বলেন, ‘আমরা তাদের এটি (তদন্ত) করার জন্য অনুরোধ করছি।’
তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘যদি আমরা ইইউ-অর্থায়নকৃত প্রোগ্রামের সাথে অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই এ বিষয়ে তদন্ত করে প্রতিকারমূলক ব্যবস্থা নেব৷’
একই সংবাদ সম্মেলনে কমিশন সিরিয়া এবং অন্যান্য দেশ থেকে আসা ৩৬ লাখ শরণার্থীকে স্থান দিতে তুরস্কের বিভিন্ন ‘প্রচেষ্টাও’ তুলে ধরা হয়৷
আনা পিসোনেরো তুরস্কে শরণার্থীসহ অভিবাসন প্রক্রিয়াকে সমর্থন করার জন্য ২০১২ সাল থেকে ইইউ’র প্রায় ১০ বিলিয়ন ইউরো এবং ২০২৪ সালে অতিরিক্ত প্রায় এক বিলিয়ন ইউরো সহায়তা প্রতিশ্রুতির মাধ্যমে ইউরোপের ‘মহান সংহতি’ ব্যবস্থার কথা তুলে ধরেন।
ইউরোপে আসার পথে বিভিন্ন ট্রানজিট রুটের দেশগুলোতে অভিবাসীদের সাথে দুর্ব্যবহার সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে এনজিওগুলো৷
আগামী ১৭ এবং ১৮ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় শীর্ষ সম্মেলনের আলোচ্য সূচিতে রয়েছে অভিবাসন৷ ব্লকের সরকার প্রধানেরা ইইউ-এর বাহ্যিক সীমানা নিয়ন্ত্রণ জোরদার করা এবং অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন ত্বরান্বিত করার বিষয়ে কথা বলার কথা রয়েছে৷
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
