আন্তর্জাতিক ডেস্ক
অনিয়মিত উপায়ে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার পথে ৫৭ অভিবাসীকে উত্তর ফ্রান্সের কালে উপকূল থেকে উদ্ধার করা হয়ছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও দুই অভিবাসী।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে কালে অঞ্চলের বার্ক উপকূল থেকে ইংল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করা এসব অভিবাসীদের উদ্ধার করে ফরাসি কর্তৃপক্ষ।
স্থানীয় ফরাসি প্রেফেকচুর প্রেমার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত ফরাসি আঞ্চলিক অপারেশনাল সার্ভিল্যান্স অ্যান্ড রেসকিউ সেন্টার (ক্রস) এবং গ্রিস-নেজ অভিবাসীদের ঝুঁকিতে পড়ার বিষয়টি প্রেফেকচুরে জানালে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। এসময় ৫৭ অভিবাসীকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফরাসি জরুরি পরিষেবা উপকূল থেকে ৫৭ ব্যক্তিকে উদ্ধার ও স্থানান্তর করতে মোবাইল ইমার্জেন্সি এবং রিসাসিটেশন স্ট্রাকচার এর সহায়তা নেয়।
যদিও নৌকাটিতে অভিবাসীদের সংখ্যা ছিল আরো বেশি ছিল। নৌকায় থাকা ব্যক্তিদের মধ্যে ১৫ জন উদ্ধার সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। তারা ঝুঁকি সত্ত্বেও ইংল্যান্ডের দিকে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল।
এই ঘটনার চার দিন আগে ইংলিশ চ্যানেলে একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ১২ জন নিহত হয়েছিল।
নিখোঁজ অভিবাসীদের উদ্ধারে ন্যাশনাল সি রেসকিউ সোসাইটি (এসএনএসএম), শুল্ক অধিদপ্তরের জাহাজ, হাইড্রোগ্রাফিক জাহাজ এবং ফরাসি নৌবাহিনীর ডাউফিন হেলিকপ্টার ব্যবহার করে সমুদে অনুসন্ধান চালানো হয়েছে।
স্থানীয় বুলন সুর মের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, শনিবার দুপুরের দিকে পুরো উপকূলে অভিযান চালানো শেষে নিখোঁজদের সন্ধানে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এ ঘটনায় একটি বিচারিক একটি তদন্ত খোলা হয়েছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত চ্যানেল পাড়ি দিতে গিয়ে নিহত হয়েচে ৩৭ জন অভিবাসী।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
