অনলাইন ডেস্ক
বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের তহবিল গঠনে নানা উদ্যোগ গ্রহণ করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি’র মিন্টোতে তহবিল সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া। তাদের উদ্যোগে বাংলাদেশের বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ করা হয়েছে।
উক্ত আয়োজনে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হন। পাশাপাশি তাদের বন্ধু ও এলাকাবাসীসহ আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা এই তহবিল সংগ্রহে অংশ নেন।

প্রায় ২০০ জনের উপস্থিতিতে উক্ত আয়োজনে আয়োজকদের বাসায় তৈরি বিভিন্ন বাহারী খাবার ত্রাণ তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বিক্রি করা হয়। খাবারের স্টলের পাশাপাশি জামাকাপড় ও গহনা বিক্রি করে অনেকেই তহবিল সংগ্রহ করেন। এ জন্য আলাদা স্টলে স্থাপনের মাধ্যমেও তহবিল সংগ্রহ করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত এ্যলামনাই এসোসিয়েশনের সব সদস্য ত্রাণ তহবিলে দানের উদ্দেশ্যে পণ্য ক্রয়-বিক্রয় করেন। মনোরম পরিবেশে গানের আয়োজনও করা হয়। এটিও বন্যার্তদের জন্য আয়োজিত তহবিল অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
এই অনুষ্ঠানে সব পণ্যের বিক্রয়লব্ধ অর্থ ও সদস্যদের দানের অর্থ সরাসরি বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় পৌঁছে দেয়া হবে বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভাপতি তাহমিনা বিনা।
