আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে মালিক-শ্রমিক বৈরী সম্পর্ক দিনদিন প্রকট আকার ধারণ করেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির বিচার বিভাগে। বৈরি সম্পর্কের জেরে গত এক বছরে দেশটিতে ১ লাখ ৩২ হাজারের বেশি মামলা করেছেন প্রবাসী শ্রমিকেরা।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, এসব মামলার সবগুলোই শ্রম আইন সম্পর্কিত। গত ৭ জুলাই পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে।
প্রবাসীদের করা মামলাগুলোর মধ্যে ১ লাখ ১৮ হাজার ১০০টি শুনানি ঘোষণা করেছেন আদালত।
সৌদি আরবের বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে নিউজ পোর্টাল আকবার২৪ বলছে, শুধু মক্কায় মামলা হয়েছে ৪১ হাজার ৯২৩টি, আর মদিনায় ৩১ হাজার ২৩৮টি। এই দুই এলাকাতেই হয়েছে মোট মামলার ৫৫ শতাংশ।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে গিয়ে শ্রমিকের কাজ করেন প্রবাসীরা। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন। তবে, এসব মামলার মধ্যে কতগুলো বাংলাদেশিদের করা, তা জানা যায়নি।
