মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ (পেনসিলভেনিয়া থেকে)
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উপর বাংলাদেশ সরকার ও তাদের পেটোয়া বাহিনী ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ট্যাম্পল, ড্রেক্সেল, ইউপেনসহ অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। এ উপলক্ষ্যে ফিলাডেলফিয়া সিটি হলের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিন ধরে বাংলাদেশে কোটা সংস্কারের জন্য ছাত্র-ছাত্রীরা তাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনকে উপেক্ষা করে সরকারি দল, তাদের ছাত্র সংগঠন এবং পুলিশ বাহিনী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অমানবিক অত্যাচার, জুলুম এবং হত্যার মতো জঘন্য কাজ করতেও তাদের এতটুকু বুক কাঁপেনি। রংপুরের আবু সাঈদসহ আরও পাঁচজনকে তারা হত্যা করেছে। কতজন যে আহত এবং গুম হয়েছেন তার হিসাব এখনও আমাদের জানা নেই।

বাংলাদেশে ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনে সংহতি জানাতে ফিলাডেলফিয়ার টেম্পল, ড্রেক্সেল, ইউপেনসহ অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীরা ফিলাডেলফিয়ার সিটি হলে আজ ১৭ জুলাই, বুধবার বিকেল ছয়টায় সমবেত হয়েছিলেন।
সমাবেশে ছাত্ররা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। যারা বক্তব্য রেখেছেন তারা হলেন:
- আরিফুল ইসলাম – গবেষক এবং ছাত্র, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া
- গোলাম কায়েস – সাবেক শিক্ষার্থী, টেম্পল ইউনিভার্সিটি এবং বর্তমানে কমকাস্টে কর্মরত
- আল হেলাল – শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে ড্রেক্সেল ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল গবেষক
- আসিফ জামিল – অনার্স ছাত্র, ড্রেক্সেল ইউনিভার্সিটি
- সাবিহা আফরোজ ফামি – পাবলিক হেলথ স্পেশালিস্ট
সকলেই তাদের বক্তব্যে বলেন যে, অতি শিগগিরই ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি যেন মেনে নেওয়া হয়। আর কোনও লাশ তারা দেখতে চান না। তারা আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হওক। তারা অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে অপরাধীদের শাস্তি দাবি করেন।
