অনলাইন ডেস্ক
বিশ্বের নানা দেশে অবস্থানরত প্রবাসীদের এসব সমস্যা সমাধানে ১২ দফা দাবি উত্থাপন করেছে প্রবাসী বাংলাদেশি ফোরাম। ফোরামের উত্থাপিত ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ম্যানহাটানস্থ মিলেনিয়াম হিলটন হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে ফোরামের নেতৃবৃন্দ তাদের দাবি সম্বলিত স্মারকরিপিটি হস্তান্তর করেন।
এসময় প্রবাসী বাংলাদেশি ফোরামের আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম এবং ডা. নারগিস রহমান ও শামীম আহমেদ উপস্থিত ছিলেন। এর আগেও কয়েকবার এই দাবিগুলো সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরেন ফখরুল আলম।
ফোরামের নেতৃবৃন্দের স্মরকিলিপিটি গ্রহণকালে মন্ত্রী কামাল বলেছেন, বাংলাদেশ সরকার প্রবাসীবান্ধব সরকার। তিনি বিশ্বাস করেন সরকার প্রবাসীদের সমস্যার সমাধানের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এসময় তিনি ফোরামের দাবিগুলো শেখ হাসিনা সরকারের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।
প্রবাসী বাংলাদেশি ফোরামের দাবির মধ্যে রয়েছে- নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু। নিউইয়র্কসহ সারা বিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চালু করা, যা ব্রিটেনে চালু রয়েছে। বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা করা। দেশের ভূমিদস্যূদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করা। বিশেষ করে চুক্তি মোতাবেক ক্রয় করা জমি, প্লট, অ্যাপার্টমেন্ট সহজে সংশ্লিষ্ট প্রবাসীর কাছে বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা। ঢাকাস্থ শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা। বাংলাদেশের অফিস-আদালতে লাল ফিতার দৌরাত্ব বন্ধ করা, এছাড়া প্রবাসীদের জন্য ঢাকায় চালু করা ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের অর্থে গড়ে ওঠা অর্থনীতির লক্ষ-কোটি টাকা বিদেশে পাচার বন্ধসহ পাচারকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। জন্মভূমি সফরকালে প্রবাসীদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা। বাংলাদেশে প্রবাসীদের ঘর-বাড়ি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষার ব্যবস্থা করা। কনস্যুলেট সেবা বৃদ্ধি করে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, জন্মসনদ, মৃত্যুসনদ, দেশের সম্পত্তি হস্তান্তরে পাওয়ার অব অ্যাটর্নী প্রদানের মতো কাজগুলো সহজ করা। এবং যেকোনো প্রবাসীর লাশ বিনা খরচে দেশে নেয়ার ব্যবস্থা করা।
