আন্তর্জাতিক ডেস্ক
ইতালির ক্যালিব্রিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় শনিবার আরো ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় উদ্ধার করা ৩৪ মরদেহ উদ্ধার করল ইতালির কোস্টগার্ড৷
জাতিসংঘের বিভিন্ন সংস্থার দেয়া তথ্যমতে, তুরস্ক থেকে ৭৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে রওয়ানা হয়েছিল নৌকাটি৷ এদের সবাই ছিলেন সিরিয়া, ইরান এবং ইরাকের নাগরিক। রওয়ানা হওয়ার আট দিন পর গত রোববার ইতালির জলসীমায় মোটরচালিত নৌকাটিতে আগুন ধরে যায়৷ এক পর্যায়ে নৌকাটি উল্টে যায়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে৷
খবর পেয়ে নৌকায় থাকা ১১ জনকে জীবিত উদ্ধার করাতে সক্ষম হয়েছে কোস্টগার্ড সদস্যরা। এছাড়া নিখোঁজদের সন্ধানে উপকূলের প্রায় ১৯০ কিলোমিটার এলাকাজুড়ে জল ও আকাশপথে সন্ধান চালাচ্ছে ইতালির সীমান্তরক্ষী বাহিনী৷
এর আগে ২০ জুন এক বিবৃতিতে কোস্টগার্ড ১২ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল, যাদের মধ্যে শিশু ও নারীও ছিলেন৷
এদিকে দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বেঁচে যাওয়াদের বরাত দিয়ে জানিয়েছে অন্তত ৬৬ জন এখনও নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৬ জন শিশু৷
এর আগে গত সপ্তাহেই (১৭ জুন) ইতালির লাম্পেদুসার কাছে আরেক দুর্ঘটনায় অভিবাসীবাহী নৌকা থেকে দশ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
উল্লেখ্য, জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম জানিয়েছে, গত বছর ভূমধ্যসাগরে অন্তত তিন হাজার ১৫৫ জন অভিবাসপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন৷ চলতি বছরের ২০ জুন পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছেন৷
