নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, “সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৮, ৯ ও ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার হয়েছে।”
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বলেন, “নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক; বাকি সাতজন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দুই বিভাগে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।
