আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের শেরবুর্গ-অঁ-কোন্তা বন্দর থেকে আয়ারল্যান্ডের রাজধাবী ডাবলিনের দিকে যাত্রা করা গরুবাহী ট্রাক থেকে ১৫ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। আটককৃতরা ভিয়েতনাম ও আলবেনিয়ার নাগরিক।
শেরবুর্গ-অঁ-কোন্তা বন্দর উত্তর ফ্রান্সের কালে অঞ্চলের কাছাকাছি এলাকা। শেরবুগ এলাকার সীমান্ত পুলিশ (পিএএফ) সূত্রে ফরাসি দৈনিক ওয়েস্ট ফ্রঁন্স জানিয়েছে, ২৬ মে সংশ্লিষ্টদের আটক করা হয়েছিল। তারা অনিয়মিতভাবে ট্রেলারে চড়ে ফেরিতে ডাবলিনে যেতে চেয়েছিলেন।
অভিবাসীদের পরিহবহনকারী গরুর ট্রাকটি উত্তর আয়ারল্যান্ডে নিবন্ধিত বলে জানা গেছে।
স্থানীয় পাবলিক প্রসিকিউটর পিয়েরে-ইভ মারো দৈনিক ওয়েস্ট ফ্রঁন্সকে বলেন, এ বিষয়ে একটি বিচারিক তদন্ত খোলা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুসারে চালকের অজান্তেই ১৫ জন অনিয়মিত অভিবাসীকে গাড়ির ভিতরে প্রবেশ করিয়ে দেয়া হয়।
এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ অঞ্চল থেকে প্রায় শতাধিক অনিয়মিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের জানুয়ারির শুরু থেকে শেরবুর্গ সীমান্ত পুলিশ শহরের বাণিজ্যিক বন্দর এবং এর আশেপাশে ক্রস-চ্যানেল টার্মিনালের সীমাবদ্ধ অ্যাক্সেস জোনে একটি নজরদারি ড্রোন মোতায়েন করেছে।
ফরাসি সীমান্ত পুলিশের (পিএএফ) আন্তঃবিভাগীয় পরিচালক হিউগ তুইয়ো বলেছেন, ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে গত বছরের তুলনায় ৯৭ শতাংশ বেশি অনিয়মিত অভিবাসীকে গ্রেপ্তার হয়েছে।
উত্তর সাগর এবং চ্যানেল সংশ্লিষ্ট ফরাসি প্রেফেকচুর জানিয়েছে, বৃহস্পতিবার (৬ জুন) দুটি ভিন্ন নৌকায় চড়ে উত্তর ফ্রান্সের পা-দ্যো-কালে প্রণালী পার হওয়ার চেষ্টার সময় ১৫০ জনেরও বেশি অভিবাসীকে আটকে দেয়া হয়েছে। অভিবাসীদের মধ্যে ৭৪ জনকে ডানকার্ক এবং বাকিদের ইংল্যান্ডের ডোভারে উপকূলে নামানো হয়েছিল।
বৃহস্পতিবার আঞ্চলিক অপারেশনাল সার্ভেইল্যান্স অ্যান্ড রেসকিউ সেন্টার (ক্রস) এবং গ্রিস-নেজ এর উদ্ধারকারীরা মোট ৭৪ জন এবং ৮০ জনেরও বেশি লোক নিয়ে যাত্রা করা দুটি নৌকা শনাক্ত করা হয়।
প্রথম নৌকায় থাকা ৭৪ জন অভিবাসী ঝুঁকিতে পড়লে তাদেরকে উদ্ধার করে উত্তর ফ্রান্সের ডানকের্ক উপকূলে ফিরিয়ে আনা হয়।
প্রেফেকচুর জানিয়েছে, উভয় অভিযানে কোনো অভিবাসী মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়নি।
ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ফরাসি উপকূল থেকে ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছে ১০ হাজার ১৭০ জন অনিয়মিত অভিবাসী।
‘সীমান্ত নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের’ কথা বলে ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসে যুক্তরাজ্য৷ আট বছর পেরিয়ে গেলেও যুক্তরাজ্যে রাজনীতিতে অভিবাসন এখনো প্রধান আলোচ্য বিষয়৷
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
