রাজন আবেদীন রাজু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলোচিত শিক্ষিকা রোজিনা হত্যা মামলার পলাতক এক আসামিকে ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ জুন) রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন আবুল হোসেন ওরফে সোনা (৫০), পিতা: মৃত তৈমুছ মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, গত ২৭ মে শিক্ষিকা রোজিনা হত্যার ঘটনায় কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা (নং-১৩/২০২৫) অনুযায়ী আবুল হোসেন একজন অন্যতম অভিযুক্ত। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/ ৩০২/৩১২/৫০৬/৩৪ ধারায় রুজু করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। একাধিক অভিযান ব্যর্থ হওয়ার পর গোপন সূত্রে তথ্য পেয়ে মঙ্গলবার রাতে র্যাবের সহযোগিতায় তাকে নান্দাইল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানে স্থানীয় পুলিশও সহায়তা করে।
প্রসঙ্গত, শিক্ষিকা রোজিনা হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
