প্রবাস ডেস্ক
রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দুর্ঘটনার পরপরই পোড়া বিমানের ধ্বংসাবশেষের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি ছিল একটি আঙ্গারার এএন-২৪ মডেলের যাত্রীবাহী প্লেন। চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টাইন্ডায় যাওয়ার পথে বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাথমিকভাবে বিমানটি নিখোঁজ বলে জানানো হলেও রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আমুর অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
টাইন্ডা বিমানবন্দরের পরিচালক বলেছেন, বিমানটি ভূপাতিত হওয়ার সময়ই তাতে আগুন ধরে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের উপর দিয়ে উড়ে যাওয়া এমআই-৮ হেলিকপ্টারের ক্রু সদস্যরা কোনো জীবিত ব্যক্তিকে চিহ্নিত করতে পারেননি।
রাশিয়ার তাস নিউজ এজেন্সি জানিয়েছে, অবতরণের সময় বিমানের ক্রুদের ভুল এবং দৃশ্যমানতার অভাবকে দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। যদিও জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে আরোহীর সংখ্যা ছিল ৪০ জন।
