নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফের পুলিশ ও কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে অন্তত দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ও অন্তত পাঁচ সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার (১৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানিয়েছে, পুলিশের ছোড়া টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন অন্তত পাঁচ সাংবাদিক। একইসঙ্গে গুলিবিদ্ধ হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
আহত দুই শিক্ষার্থী হলেন- আফসানা জুঁই ও আব্দুল হান্নান মাসুদ। তারা জানান, গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন। তখন তাদের লক্ষ্য করে দুইদিক থেকে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
আহত সাংবাদিকদের মধ্যে আছেন জনি রায়হান, আকরাম হোসেন, ইমরান হোসেন ও হুমায়ুন আহমেদ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে যাবো না।
এর আগে সরেজমিনে দেখা গেছে, ভিসি চত্বরে গায়েবানা জানাজা শেষে প্রতিকী কফিন নিয়ে টিএসি অভিমুখে যাত্রা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা কফিন নিয়ে রোকেয়া হলের সামনে আসতে বাধা দেয় পুলিশ। কয়েকটি বাধা অতিক্রম করে সামনে এগোতে চাইলে তা করতে দেয়নি পুলিশ।
এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও গ্রেনেড ছুড়তে থাকে।
শিক্ষার্থীরাও পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। কয়েক মিনিটের ব্যবধানে পুলিশের ধাওয়ায় আন্দোলরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকার এদিক-ওদিক ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী বিভিন্ন হলের ভেতরে প্রবেশ করতে থাকে।
