ঢাকা অফিস
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে। তারা হলেন— আওলাদ হোসেন (২৩), হাবিল (২২) ও কাইয়ুম (২২)। এছাড়া আহত যুবকের নাম ইমন (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে চারজন যুবক একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলে করে শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। তখনই ঢাকা থেকে মাওয়ার দিকে আসা একটি প্রাইভেটকার তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
স্থানীয়রা আরও জানান, প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। বাকিদের দ্রুত স্থানীয় নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ইমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে।
