নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে। শিক্ষার্থীরা যখনই সময় দেবে তখনই বৈঠক করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
বৃহস্পতিবার (১৮ জুলাই) গণমাধ্যমকে আইনমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দুই মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে।
এদিকে, শিক্ষামন্ত্রী বলেছেন, আজ বিকেলেই এ বৈঠকটি হতে পারে। সংসদ ভবনের টানেলে মন্ত্রী কথা বলবেন বলে জানানো হয়েছে।
