নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে চাপা পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার হাসানপুরে তাসফিন পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই গ্রামের আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫)৷ মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের ওপর থাকা ১৩ জন যাত্রী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজন পুরুষ নিহত হন। আহত হন আরও ছয়জন।
আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া আসা হয়েছে। দুর্ঘটনার পর কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
