আন্তর্জাতিক ডেস্ক
বিতর্কিত এলাক নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। চলমান বিরোধের মধ্যেই কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার পর বৃহস্পতিবার দুই দেশের সৈন্যরা বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় একে অপরের দিকে গুলি চালায়। তবে সংঘর্ষ ঠিক কতক্ষণ চলমান ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। খবর এপির।
থাইল্যান্ডের পক্ষ থেকে একটি লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে যে বৃহস্পতিবার সকালে লোকেরা তাদের বাড়িঘর থেকে পালিয়ে একটি কংক্রিটের বাঙ্কারে লুকিয়ে আছে, যখন মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
থাইল্যান্ডের সুরিন প্রদেশ এবং কম্বোডিয়ার ওদ্দার মিয়ানচে প্রদেশের সীমান্তে অবস্থিত প্রাচীন প্রসাত তা মুয়েন থম মন্দিরের অবস্থানের একটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই একে অপরকে প্রথমে গুলি চালানোর অভিযোগ করেছে।
বৃহস্পতিবারের শুরুতে, কম্বোডিয়া জানিয়েছে যে, তারা থাইল্যান্ডের সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনছে, থাই রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে এবং ব্যাংককে অবস্থিত তাদের দূতাবাস থেকে সমস্ত কম্বোডিয়ান কর্মীদের প্রত্যাহার করছে।
গুলিতে পাঁচজন থাই সৈন্য আহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। এছাড়া স্থল মাইন বিস্ফোরণের প্রতিবাদে বুধবার থাইল্যান্ড কম্বোডিয়ার সাথে উত্তর-পূর্ব সীমান্ত বন্ধ করে দেয়, রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।
বৃহস্পতিবারের সংঘর্ষ সম্পর্কে থাই সেনাবাহিনী জানিয়েছে, যে তাদের বাহিনী ছয়জন সশস্ত্র কম্বোডিয়ান সৈন্যকে থাইল্যান্ডের স্টেশনের কাছাকাছি আসতে দেখার আগে একটি চালকবিহীন বিমানের শব্দ শুনতে পেয়েছে।
এতে বলা হয়েছে যে থাই সৈন্যরা পরিস্থিতি শান্ত করার জন্য তাদের দিকে চিৎকার করার চেষ্টা করেছিল কিন্তু কম্বোডিয়ান পক্ষ গুলি চালাতে শুরু করে।
এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে থাইল্যান্ড সশস্ত্র সংঘর্ষ শুরু করেছে এবং কম্বোডিয়া “আত্মরক্ষার সীমানার মধ্যে কঠোরভাবে কাজ করেছে, থাই সেনাদের বিনা উস্কানিতে অনুপ্রবেশের জবাব দিয়েছে যা আমাদের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।”
কম্বোডিয়ান সিনেটের প্রেসিডেন্ট হুন সেন তার ফেসবুক পেজে পোস্ট করেছেন, জনগণকে আতঙ্কিত না হওয়ার এবং তাদের সরকার ও সেনাবাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
বুধবার সীমান্তে টহলের সময় মাইন বিস্ফোরণে আহত হন এক থাই সেনা। বিস্ফোরণে তার ডান পা কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। এর আগে ১৬ জুলাই থাইল্যান্ডের উবন রাচাথানি প্রদেশ সংলগ্ন এলাকায় টহলরত অবস্থায় আরও তিনজন থাই সেনা আহত হন।
থাইল্যান্ডের অভিযোগ, কম্বোডিয়া বিতর্কিত সীমান্ত এলাকায় গোপনে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। তবে কম্বোডিয়ার দাবি, ওই সেনারা নির্ধারিত সীমান্ত পথ অতিক্রম করে বিপজ্জনক এলাকায় ঢুকে পড়েছিল। সেখানে আগের যুদ্ধের সময়কার মাইন রয়ে গেছে।
